নাইক্ষ্যংছড়িতে দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পাহাড় কাটা ও অবৈধভাবে ইট তৈরির দায়ে দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রেজু এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। অভিযানে ফরিদ কোম্পানির মালিকানাধীন বিবিএম ব্রিকসকে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা এবং শাহরিয়ার মো. বাবুর এসএমবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি বিবিএম ব্রিকস থেকে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে অভিযানে দায়িত্ব পালন করেন। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।











