নাইক্ষ্যেংছড়ির দূর্গম পাহাড়ি এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্প, ৩৪০ জনের মুখে স্বস্তি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জন্য একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
রবিবার সকালে জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩৪০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সেবা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৯৭ জন, মহিলা ১৩৩ জন এবং শিশু ৮০ জন ছিলেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলামের নেতৃত্বে মেডিকেল টিম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
দূর্গম সীমান্ত এলাকার মানুষ জানান, নিয়মিত স্বাস্থ্যসেবার অভাব পূরণে বিজিবির এমন মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এ ধরনের সেবামূলক কার্যক্রম সীমান্তবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করছে বলেও তারা মত প্রকাশ করেন।
প্রসঙ্গত, নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় বিভিন্ন মানবিক ও জনসেবামূলক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।











