নানুর বাড়িতে আনন্দ ভ্রমণ, শেষ হলো শোকে চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নানুর বাড়িতে বেড়াতে এসে আনন্দঘন সময় কাটানোর কথা থাকলেও তা পরিণত হলো শোকে। কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই মাসুম শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো—হুরিফা জান্নাত (৫), পিতা মিরাজ উদ্দিন, বাড়ি চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায়; এবং বকেয়া মনি (৮), পিতা হেলাল উদ্দিন, যার বাড়ি ডুলহাজারা ইউনিয়নে। জানা গেছে, বকেয়া মনি নানুর বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করা হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। আল্লাহ যেন নিষ্পাপ এই দুই শিশুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন—এমনটাই প্রার্থনা করেছেন।










