নাফ নদীতে কাঠের বোটে কোস্ট গার্ডের হানা: ৭৫ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে পৌনে ৪ কোটি টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন নদীতে একটি কাঠের বোট তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নাফ নদীতে অবস্থান নেয়। এসময় একটি সন্দেহজনক কাঠের বোটের গতিবিধি দেখে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। বোটটি তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৭৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযান চলাকালে মাদক পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জব্দকৃত ইয়াবা, বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও চোরাচালান দমনে আমাদের এ ধরনের বিশেষ অভিযান ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।”










