নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান শিক্ষা উপদেষ্টার

ডিগ্রি কেবল সুযোগ তৈরি করে দেয়, কিন্তু প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল করে তোলে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার)। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার একটি কনভেনশন সেন্টারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে তোমরা কী অর্জন করেছ তার চেয়ে বড় বিষয় হলো—এই অর্জন দিয়ে তোমরা দেশ ও জাতির জন্য কী করবে। আমরা বর্তমানে একটি বড় ধরনের উত্তরণের পথে রয়েছি। আমাদের স্থির করতে হবে আমরা কি অতীতের সেই বৈষম্যমূলক ব্যবস্থায় ফিরে যাব, নাকি নতুন একটি মানবিক সমাজ গড়ব?”
পেশাগত জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “একজন সাধারণ কর্মীকে চাকরি থেকে অব্যহতি দেওয়ার মতো ক্ষুদ্র সিদ্ধান্তেও যুক্তি ও সুবিবেচনা থাকা জরুরি। প্রতিষ্ঠানের স্বার্থের পাশাপাশি ব্যক্তির অধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই শিক্ষার মূল উদ্দেশ্য।”
সমাবর্তন বক্তা হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “স্নাতক ডিগ্রি কোনো পুরস্কার নয়, এটি একটি আগামীর প্রতিশ্রুতি। বর্তমান বিশ্ব হার্ড স্কিল ও সফট স্কিলের সমন্বয়ে চলছে। শিক্ষার্থীদের কেবল শিক্ষিত নয়, দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি তরুণদের অনিশ্চয়তাকে ভয় না পেয়ে জীবনের ‘চালক’ হওয়ার পরামর্শ দেন।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, প্রতিষ্ঠাতা ট্রাস্ট ইএসটিসিডির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়।












