নির্বাচনে কোনো ঝুঁকি নেই, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে মন্ত্রণালয়ে একটি বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। যেকোনো অভিযোগ জানাতে ০২-৪৭১১৮৭০০ থেকে ০২-৪৭১১৮৭০৩ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ০১৫৫০-০৬৪২২৬-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “সারা দেশে ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জনআস্থা অর্জন করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।”
নির্বাচনী সহিংসতা রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে প্রিজাইডিং কর্মকর্তার পরামর্শে তা কঠোরভাবে দমন করতে হবে।” তিনি আরও জানান, কোনো বেআইনি আদেশ বা পক্ষপাতমূলক আচরণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'-এর আওতায় গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ২২ হাজার ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মামলা ও পরোয়ানাভুক্তসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬২৮ জনে। একই সাথে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।












