নোয়াখালীর তিন উপজেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে নিহত ৩

নোয়াখালীর তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কবিরহাট উপজেলার মো. আয়মান (৯), হাতিয়া উপজেলার আরাফাত (২১) এবং সুবর্ণচর উপজেলার তানজিলা আক্তার (১৭)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে বজ্রপাতে তানজিলা আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার শেখ মোজাম্মেল সেন্টুর মেয়ে এবং ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে বাড়ির পাশে হাঁটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, গত বছর দাখিল পরীক্ষায় পুরো সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল, তাদের মধ্যে তানজিলা একজন ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে মো. আয়মান নামে এক শিশুর মৃত্যু হয়। আয়মান ওই এলাকার রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একইদিন দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, মায়ের চোখের সামনেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।











