পটিয়ার মুজাফফরাবাদ কলেজে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পটিয়ার মুজাফফরাবাদ কলেজে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অভিভাবক সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক বলেন, “‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সমন্বিত সচেতনতা গড়ে তুলতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।”
আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।











