পার্বত্য মন্ত্রীর পদত্যাগের গেজেট প্রকাশ, নতুন দায়িত্ব বণ্টনের অপেক্ষা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের গেজেট প্রকাশিত হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মন্ত্রিসভা থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সরকার তার পদত্যাগ গ্রহণ করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহার ছুটি শেষে ১ জুন (সোমবার) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
পদত্যাগপত্রে সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী গেজেট জারি করা হয়েছে।
উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন এবং একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দলটির কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন।
এদিকে তার পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাছে ন্যস্ত হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।












