পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন
লোহাগাড়ার পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) মাদ্রাসা মাঠে দিনব্যাপী পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসার প্রক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যাপক ড. আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ইসলামী শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়তে ইসলামী শিক্ষার চর্চা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বিস্তৃত করতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের যুগোপযোগী ও নৈতিক নেতৃত্বে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবু বকর রফিক, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. শাযাআত উল্লাহ ফারুকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম সেহরাব উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. ইব্রাহিম রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, এস.এম লুৎফর রহমান, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোছাইন, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালিদ জমিল, উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি, পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. জালাল আহমদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. গিয়াস উদ্দিন এবং প্রাক্তন শিক্ষার্থী ডা: নাজিম উদ্দিন, মুহাম্মদ আমিনুল এহসান, আবু বকর মুহাম্মদ সাফওয়ান ও মিনহাজ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, পুটিবিলা হামেদিয়া ফাজিল মাদ্রাসা অর্ধশতাব্দী ধরে ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখান থেকে শিক্ষালাভ করে বহু শিক্ষার্থী দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।











