পেপাল বাংলাদেশে আসতে আগ্রহী, তবে বাস্তবায়নে সময় লাগবে: লুৎফে সিদ্দিকী
আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপাল (PayPal) বাংলাদেশে কার্যক্রম শুরু করতে নীতিগতভাবে আগ্রহ দেখিয়েছে। তবে প্রতিষ্ঠানটির বৈশ্বিক অভ্যন্তরীণ প্রক্রিয়ার কারণে এই আগ্রহ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। লুৎফে সিদ্দিকী বলেন, “পেপাল এবারই প্রথম উচ্চ পর্যায়ে বাংলাদেশে আসার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে আমি সতর্ক করছি—পেপাল এখনই চলে আসছে, এমন ধারণা যেন তৈরি না হয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।”
তিনি জানান, গত ডিসেম্বরের শুরুর দিকে পেপালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার প্রধানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চার দিন বাংলাদেশে অবস্থান করে। প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
লুৎফে সিদ্দিকী আরও বলেন, “পেপাল আমাদের বর্তমান সুশাসন (গভর্ন্যান্স) নিয়ে আস্থাশীল। বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম তাঁদের ইতিবাচক বার্তা দিয়েছে। তবে তাঁদের নিজস্ব বোর্ড মিটিং ও অভ্যন্তরীণ বিতর্কের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমাদের ব্যক্তিগত মূল্যায়ন হলো—তাঁরা বাংলাদেশের ডেমোগ্রাফিক সম্ভাবনা নিয়ে পুরোপুরি নিশ্চিত।












