পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ
ছবি সংগৃহীত।

তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচারিত মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হলে তিনি বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত সভার কার্যক্রম চলে। বোর্ডের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে সভার আলোচনা তখনো শেষ হয়নি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। মালিকপক্ষের প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তারা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের কাজ চলছে উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। বাংলাদেশের অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুলসংখ্যক মানুষ কাজ করেন না। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি দেশের বাস্তবতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। শ্রম আইন অনুযায়ী যেসব বিষয় বিবেচনা করার কথা, সেগুলো নিয়েই আলোচনা ও বিশ্লেষণ চলছে। অবাস্তব কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধানের কারণে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ না হলে সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই। শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে। মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সেদিনও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে মালিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দিয়েছে আজকের সভায়। সেটি নিয়েই আলোচনা চলছে।

শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ন্যায্যতা একমাত্র দিতে পারেন মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা। বোর্ড তথ্য-উপাত্ত ও নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছে। ব্যক্তিগতভাবে তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন। চেয়ারম্যান হিসেবে তার আইনি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

মজুরি বোর্ডের কাজ দ্রুত শেষ করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের আইনগত মেয়াদ ছয় মাস, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে তারা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চান। নিয়ম অনুযায়ী সাত দিন পরপর সভা করার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ এবং রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভাগুলো করার চেষ্টা চলছে। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে।

এদিকে বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, তা তারা অস্বীকার করছেন না। তবে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে জানাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না বলে তিনি মনে করেন।

চেয়ারম্যান আরও বলেন, শ্রমিকদের দাবি ও অধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ, শিল্পের বাস্তবতা এবং রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি সুপারিশ করাই বোর্ডের লক্ষ্য।




একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ছবি সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প ১টি রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) প্রকল্প এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন) প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ২য় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাস হয়েছে, যার একটি আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প এবং অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ শক্তিশালীকরণ প্রকল্প এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা
ছবি সংগৃহীত।

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার টাকায় নেমেছে।

বুধবার ( ২৫ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।




পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরের এক বিফ্রিংয়ে তা জানান।

তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

তিনি আরও বলেন, নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ৭০ কারখানায় ছুটি

বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক অর্থাৎ ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

তবে বোর্ডের এই সিদ্ধান্ত সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণের প্রস্তাব গ্রহণসংক্রান্ত। চূড়ান্ত মজুরি কার্যকরের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।