প্রতারণার মামলায় জামিন বাতিল, কারাগারে গায়ক নোবেল
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল আদালতে হাজিরা দিলেও তিনি পূর্বে জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তার জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আপসের শর্তে জামিন মঞ্জুর করেন আদালত। পরে তিনি আদালতের হাজতখানা থেকে মুক্তি পান।
মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল।
মামলায় আরও অভিযোগ করা হয়, অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন। তারা হলেন—নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।












