প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল এমপি: রামুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, রামুকে একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায় এবং আইনি সহায়তা নিশ্চিত হয়, সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য কাজল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বনী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










