সন্ত্রাস দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে- ফটিকছড়িতে শিবির সভাপতি

ফটিকছড়িতে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এখনও 'ফ্যাসিবাদী সংস্কৃতি' থেকে বেরিয়ে আসতে পারেনি। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। কিন্তু যাঁরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট এবং রাজনৈতিক সহিংসতায় জড়িত, আমরা সবসময় তাঁদের বিরুদ্ধে থাকব। ফটিকছড়িতে আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, আমরা তা ভুলিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
জাহিদুল ইসলাম বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক যুগ থেকেই দেশি–বিদেশি শক্তি এ দেশকে নিয়ন্ত্রণে রাখার ষড়যন্ত্র করে আসছে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাঁদের শাহাদাতের মর্যাদা কামনা করেন। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।
ছাত্রশিবিরের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের তরুণদের সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। দেশের প্রতিটি গণ-আন্দোলন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে ছাত্রশিবির ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের উদ্দেশ্য ছিল ইনসাফ, সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তা হয়নি। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেন এবং রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের দমন করেন। একইভাবে, শেখ হাসিনার আমলে বহু মানুষ 'হত্যা ও গুমের' শিকার হয়েছেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলন তারই ধারাবাহিকতার চূড়ান্ত প্রকাশ।
প্রধান বক্তা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচিত হলে ফটিকছড়িতে ১৭টি অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ, ফায়ার স্টেশন, হাসপাতাল, শিক্ষা ও সড়ক–সেতু উন্নয়ন, বিদ্যুৎ উপকেন্দ্র, গ্যাস সংযোগ সম্প্রসারণ, আধুনিকায়ন বাজার, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পাঞ্চল ও পর্যটন উন্নয়ন, কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ, চা–বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।
সমাবেশে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি শওকত আলী এবং উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বারসহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরসহ বিভিন্ন শাখার নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন আমিরী, শ্রমিক নেতা গাজী বেলাল উদ্দিন, যুব নেতা নবীর হোসেন মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।












