ফটিকছড়িতে রান্নার সিলিন্ডারে গ্যাস তোলায় রাজ এলপিজিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি স্টেশন থেকে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগে ‘রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংবাদ প্রকাশের এক সপ্তাহের মাথায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেঁয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্র জানায়, অভিযানের সময় রাজ এলপিজি স্টেশনে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের জীবন ঝুঁকিতে ফেলার মতো বিভিন্ন অনিয়ম নজরে আসে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে গত ২৫ আগস্ট রাতে একই স্টেশনে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগ নিয়ে দৈনিক সাঙ্গুতে ‘ফটিকছড়িতে গাড়ির এলপিজি স্টেশনে রান্নার গ্যাস বিক্রি, বাড়ছে ঝুঁকি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরা হয়— বাজারদরের তুলনায় কম দামে স্টেশনটিতে রান্নার সিলিন্ডারে গ্যাস দেওয়া হচ্ছিল। এমনকি নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি গ্যাস ভরার অভিযোগও করেছিলেন তাঁরা।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার স্টেশনটিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা ও অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”











