ফাঁসিয়াখালী রেঞ্জে দখল উৎসব: বনরক্ষকই ভক্ষকে পরিণত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের আওতাধীন বনভূমি দখল ও উজাড়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন রক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরবতা ও যোগসাজশেই এসব অনিয়ম দিন দিন বাড়ছে।
অভিযোগ রয়েছে, মালুমঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেজাম উদ্দিন (পিতা: নুর মোহাম্মদ, ঠিকানা: ডুমখালী, ২নং ওয়ার্ড, মালুমঘাট) বনভূমি দখলের সাথে জড়িত। জানা যায়, মালুমঘাট আইডিয়াল স্কুলের পূর্ব পাশে বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের নাকের ডগায় বিটের আগর বাগানে গাছপালা কেটে জায়গা পরিষ্কার করে পিলার স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মালুমঘাট বাজার সংলগ্ন বনভূমিতে ইতোমধ্যে গড়ে উঠেছে ‘খালেদা জিয়া পাড়া’ নামে বসতি। অথচ এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।
এদিকে, একই রেঞ্জের আওতাধীন বিভিন্ন বিটে বন উজাড়, পাহাড় কাটা ও অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, “কর্তৃপক্ষের সহায়তা ছাড়া এভাবে প্রকাশ্যে দখল সম্ভব নয়।
অভিযোগ আরও রয়েছে, বিভিন্ন বিটে গেইট স্থাপন করে গাছ, বাঁশ, বালু ও মাটি বহনকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে, যা এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান।












