ফুলছড়ি রেঞ্জে বন কর্মকর্তার বিরুদ্ধে গর্জন মাদারট্রি পাচার ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

কক্সবাজার জেলার ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুটাখালী বন বিট কর্মকর্তা ও হেডম্যান আবুল কালামের যোগসাজশে সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান গর্জন মাদারট্রি পাচার করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় বনভূমির গাছ কেটে পাচার করছে। বিশেষ করে গর্জন গাছ, যা বন সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নির্বিচারে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সেগুনবাগিচা এলাকায় বন বিভাগের সংরক্ষিত জায়গায় অবৈধভাবে পাকা দালান নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে সেলু (ড্রেজার) মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব কর্মকাণ্ড প্রকাশ্যে ঘটলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বন উজাড় ও পরিবেশ ধ্বংসের ঝুঁকি দিন দিন বাড়ছে।
এ বিষয়ে অভিযুক্ত বন বিট কর্মকর্তা আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।










