বন বিভাগের সুয়ালক ও বড়দোয়ারা স্টেশনে চাঁদাবাজি!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বন বিভাগের সুয়ালক ও বড়দোয়ারা স্টেশনে চাঁদাবাজি!

বন বিভাগের সুয়ালক ও বড়দোয়ারা স্টেশনে চাঁদাবাজি!
ছবি সংগৃহীত।



# বন রক্ষার বদলে চাঁদা আদায়ের অভিযোগ
# চেকপোস্টে কাঠবাহী গাড়ি থামিয়ে নির্ধারিত হারে টাকা আদায়
# সুয়ালক ও বড়দোয়ারা চেকপোস্ট ঘিরে চাঁদাবাজি সিন্ডিকেট
 


বান্দরবান-কেরানীহাট সড়কের বন বিভাগের দুটি চেক স্টেশন যেন চাঁদাবাজির ল্যাম্পপোস্ট। বন রক্ষা নয়, বান্দরবান থেকে আসা বৈধ-অবৈধ কাঠবাহী গাড়ি থেকে চাঁদা আদায় তাদের দৈনন্দিন কাজ।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড়দোয়ারা চেকপোস্টগুলোতে দীর্ঘদিন ধরে সক্রিয় চাঁদাবাজি সিন্ডিকেট। নেতৃত্বে আছেন বিট কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী। কাঠ-বাঁশ ব্যবসায়ী ও পরিবহন চালকরা এই অনিয়ম ও অতিরিক্ত টুলের নামে চাঁদাবাজিতে চরম অতিষ্ঠ। নিয়মবহির্ভূতভাবে আর্থিক সুবিধা নিয়ে গাছ পাচারে সহায়তার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। বিট কর্মকর্তা একটি চাঁদাবাজির রেটচার্টও করে রেখেছেন। ব্যবসায়ীরা জানান, বিট কর্মকর্তা বৈধ কাঠবাহী ট্রাক থেকে গাড়িপ্রতি সাত হাজার টাকা, জিপ গাড়ি থেকে ৫ হাজার টাকা, ফার্নিচারবাহী ট্রাক থেকে ছয় হাজার টাকা, জিপ বা ছাদের গাড়ি থেকে ৪ হাজার টাকা করে আদায় করেন। এছাড়া অবৈধ কাঠবাহী ট্রাক থেকে ২০ হাজার টাকা এবং জিপ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করেন। আনুমানিক হিসেবে বিট কর্মকর্তা মাসে প্রায় ২০ লাখ টাকা চাঁদাবাজি করে থাকেন।
এদিকে বান্দরবান বন বিভাগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মদদপুষ্ট ডেপুটি রেঞ্জার মোঃ আবুল হোসেন গত ০৩ বছর যাবত বিধিবহির্ভূতভাবে বান্দরবান বন বিভাগে পোস্টিংয়ে আছেন। তিনি প্রায় ২ বছর সদর রেঞ্জে সহযোগী রেঞ্জ কর্মকর্তা হিসেবে থাকার পর সুয়ালক চেক স্টেশনের স্টেশন কর্মকর্তার দায়িত্ব বাগিয়ে নেন। সদর রেঞ্জ হতে চেক স্টেশন এবং চেক স্টেশন থেকে সদর রেঞ্জে পোস্টিং না করার বাধ্যবাধকতা আছে। এ কারণে অনেকে তদবির করেও সদর রেঞ্জ হতে চেক স্টেশন ও চেক স্টেশন থেকে সদর রেঞ্জে আসতে পারেন না। কিন্তু ১০ লাখ টাকার বিনিময়ে তিনি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১ বছর যাবত সুয়ালক চেক স্টেশনের এসও হিসেবে বহাল তবিয়তে আছেন।
অনুসন্ধানে জানা যায়, তিনি সুয়ালক চেক স্টেশনে ১ দিন অবস্থান না করেও পারি দিলেন ১ বছর। প্রতিদিন তার বনজদ্রব্যের গাড়ি চেকিং করার নিয়ম থাকলেও তিনি ফরেস্ট গার্ড দিয়ে চেকিং করান, চলাচল পাশে স্বাক্ষর করেন ফরেস্ট গার্ড। মাঝে মধ্যে তিনি স্টেশনে গিয়ে টাকার ভাগ নিয়ে আসেন। আবুল হোসেন বান্দরবানেও থাকেন না, নিজ শহর কুমিল্লা ও ঢাকাতেই অবস্থান করেন। ছুটি নেওয়ার ধারও ধারেন না। তিনি দাম্ভিকতার সঙ্গে বলে বেড়ান, তার আত্মীয় মন্ত্রী, তার ভাই সচিব, তার ভাই বন বিভাগের বড় অফিসার, তার আত্মীয় ম্যাজিস্ট্রেট। ডিএফও, সিএফ গোনার তার টাইম নাই।
তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, সুয়ালক চেক স্টেশনে অবৈধ বনজদ্রব্যের গাড়ি আটক করার সরকারি নিয়ম থাকলেও তিনি দায়িত্ব নেওয়ার পর কোনো গাড়ি আটক করেননি। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েছি মোটা টাকার বিনিময়ে, আমার কাজ গাড়ি পাস করা আর টাকা আদায় করা। তিনি রাতের আঁধারে কর্তন নিষিদ্ধ চম্পাফুল, গোদা, গুটগুটিয়া, গর্জন, শিউরীসহ মূল্যবান কাঠের গোল, রদ্দা ও চিড়াই কাঠের গাড়ির লাইন দেন। গাড়িপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত তিনি নিয়ে থাকেন। টিপির গাড়ি ফ্রি থাকলেও অবৈধভাবে হয়রানির ভয় দেখিয়ে ও কোনো কোনো গাড়িতে অবৈধ কাঠ নেওয়ার চুক্তিতে গাড়িপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা নেন। প্রতি মাসে ১০ লাখ টাকা অবৈধভাবে আয় করেন। কথিত আছে, তিনি অবৈধ চাঁদার ভাগ ঊর্ধ্বতন অফিসারদের নিয়মিত পৌঁছে দেন।
২ মাস পূর্বে বান্দরবান বন বিভাগ হতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগে বদলি হলেও তিনি এখনও সুয়ালক চেকপোস্টে বহাল তবিয়তে আছেন। আবুল হোসেন, ডেপুটি রেঞ্জারের শক্তির কাছে বন বিভাগ হেরে যাচ্ছে।
 




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’




অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত।

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্য থেকে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্যের পর বাংলাদেশের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই– এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের তথ্য উপদেষ্টা।