বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায়সংবর্ধনা শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুজ্জামান পাঠান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিল্প কর্পোরেশনের জিএম মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায়সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী শিক্ষক মাস্টার আনোয়ার পারভেজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকী, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কায়কোবাদ, মোহাম্মদ এরশাদ, অভিভাবক মোহাম্মদ ইসমাইল প্রমুখ। এ ছাড়া বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাধারণ সম্পাদক হাজী আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক গণকণ্ঠের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষক আনোয়ার পারভেজ নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবসর গ্রহণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর জন্য একটি আবেগঘন মুহূর্ত।
বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে অবসরোত্তর জীবনে সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক আনোয়ার পারভেজকে বিদায় জানান।
উল্লেখ্য, পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চবিদ্যালয়ের এই শিক্ষক ৩৬ বছর টানা শিক্ষকতা করার পর অবসরে গেলেন।
ছবি ক্যাপশন (১): বাঁশখালীতে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি।











