বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন লেয়াকত আলী

বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছেও পদত্যাগপত্র দাখিল করেন তিনি।
লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গন্ডামারা ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।
দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন লেয়াকত আলী। ইতোমধ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে।
জানা যায়, এর আগে একাধিকবার বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেও বঞ্চিত হন তিনি। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তার সমর্থকরা এলাকায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এদিকে রোববার পর্যন্ত এই আসনে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামায়াতে ইসলামী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান লেয়াকত আলী, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, সুন্নী জোটের আবদুল মালেক আশরাফী তবে জামায়াত, ইসলামী আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে শেষ পর্যন্ত একক প্রার্থী দেওয়ার আলোচনা চলছে বলে জানা গেছে।
আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ মুহূর্তে আর কেউ মনোনয়নপত্র তোলেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।











