বাঁশখালীতে ৮ দলের সমর্থন পেতে মুছা বিন ইজহারের দৌড়ঝাঁপ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সমর্থন পেতে দৌড়ঝাঁপ ও জোর লবিং চালাচ্ছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুছা বিন ইজহার। ৮ দলের লিয়াজোঁ কমিটির সদস্য হওয়ায় এবং জোটের শরিক দলের কেন্দ্রীয় মহাসচিব হওয়ায় আসনটি মুছা বিন ইজহারকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
মুছা বিন ইজহারের প্রচারণা ও তৎপরতার পর বিষয়টি নিয়ে বাঁশখালীর সাধারণ ভোটারদের মাঝেও কৌতূহল সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন ৮ দলের প্রার্থী!
চট্টগ্রামের অন্যতম আলোচিত বাঁশখালী আসনটি আলেম-উলামা অধ্যুষিত। এখানে অর্ধশতাধিক কওমি মাদ্রাসা এবং ৩০ হাজারের অধিক আলেম-উলামা রয়েছেন। নেজামে ইসলাম পার্টি এই ভোটব্যাংকের ওপর ভরসা করেই আসনটি জোটের কাছে দাবি করেছে। তাছাড়া নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজহার নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি ও ইসলামী ঐক্যজোটের সাবেক মহাসচিব মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর ছেলে। বাঁশখালীতে একসময় মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীও নির্বাচন করেছিলেন। '৬৯-এর নির্বাচনে বই মার্কা প্রতীকে নেজামে ইসলাম পার্টির প্রার্থী মুফতি ছগির বাঁশখালীতে নির্বাচিত হয়েছিলেন।
নেজামে ইসলাম পার্টি ও হেফাজতে ইসলামের বাঁশখালী উপজেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা মহিউদ্দিন খান জসিম জানান, বাঁশখালী আসনটি ৮ দলীয় জোট থেকে নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হবে এমন আশ্বাস পেয়েছি। পার্টির মহাসচিব মুছা বিন ইজহারের বাড়ি বাঁশখালীতে। বাঁশখালী আসনে কওমি ঘরানার হেফাজত, নেজামে ইসলাম পার্টি ও আলেম-উলামার আলাদা প্রভাব রয়েছে। তাছাড়া মুছা বিন ইজহার ৮ দলীয় লিয়াজোঁ কমিটির সদস্য। নেজামে ইসলাম পার্টি জোটের কাছে সারা দেশের যে কয়েকটি আসন দাবি করছে তার মধ্যে বাঁশখালী অন্যতম। সে হিসেবে বাঁশখালী আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, মুছা বিন ইজহার ও মুফতি ইজহারের পরিবার আওয়ামী দুঃশাসনের সময়ে অসংখ্য মামলা-মোকদ্দমার আসামি হয়েছে। সারা দেশে যে কয়টি পরিবার আওয়ামী লীগের হাতে নির্যাতিত, তার মধ্যে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর পরিবার অন্যতম। তাছাড়া মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর প্রতিষ্ঠিত লালখান বাজার মাদ্রাসার বাঁশখালীতে ৬ হাজারের অধিক ফারেগিন (সাবেক শিক্ষার্থী) রয়েছে। সব মিলিয়ে আলেম-উলামারা মুছা বিন ইজহারের বিজয়ে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।
এদিকে মুছা বিন ইজহারের সমর্থকরা ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় বাঁশখালীতে ৮ দলের পক্ষ থেকে মুছা বিন ইজহারকে সমর্থন দেওয়া হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন। তাঁদের দাবি হচ্ছে, বাঁশখালী আসনটি নেজামে ইসলাম পার্টি তথা মুছা বিন ইজহারকেই দেওয়া হবে।











