বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল সরকার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে লিগের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই এবং এটি বাংলাদেশের সাধারণ মানুষকে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছিল। ভারতের কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেন। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশি এই পেসারকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় আজ চূড়ান্ত এই নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার।












