বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান রশিদ লতিফের

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তানকেও টুর্নামেন্ট বয়কটের আহ্বান জানিয়েছেন সাবেক পাক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান টুর্নামেন্ট বর্জন করলে বড় সংকটে পড়বে আইসিসি।
নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বিসিবির অস্বীকৃতি জানানোর পর বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে। আইসিসির বোর্ড সভায় কেবল পাকিস্তানই বাংলাদেশের অবস্থানকে সমর্থন দেয়। এমন পরিস্থিতিতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রশিদ লতিফ লেখেন, “সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?”
রশিদ লতিফ একটি ইউটিউব শো-তে পিসিবিকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে বলেন, “পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে তাদের জন্য ভারত নিরাপদ নয়।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ক্রিকেট ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর এটাই উপযুক্ত সময়। আর্থিক ক্ষতি বা আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা থাকলেও রশিদ লতিফ দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে বলেন, “বড় সিদ্ধান্ত নিলে অনুদানের চিন্তা ছাড়তে হয়। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় ৫০ শতাংশ কমে যাবে। পাকিস্তানের উচিত এখন বাংলাদেশের পাশে দাঁড়ানো।”
এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের বৈঠকেও ভারতের পরিবর্তে কেবল শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেও টাইগাররা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।





