বাঙ্গালহালিয়া ইউনিয়নে চুরির উপদ্রব বৃদ্ধি, স্কুলে চুরি নিয়ে উদ্বেগ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে 'ওয়াশ ব্লক'-এর সব পানির কল/টেপ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলে সংরক্ষিত অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইদানীং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের ধারণা, নেশাগ্রস্ত ব্যক্তিরাই এসব চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুরি, মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, বাঙ্গালহালিয়া ইউনিয়নে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের কাছ থেকে একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে পরোক্ষভাবে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য কাইয়ুম হোসেন মিরাজ বলেন, এই ইউনিয়নে চরমভাবে ইয়াবা, গাঁজা, চোলাই মদ সেবনকারী এবং বিক্রেতা অনেক গুণ বেড়ে যাওয়ায় এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। প্রশাসনের সুদিৃষ্টি কামনা করছি।
এলাকাবাসীর একটাই দাবি—মাদক সেবন ও মাদক কারবারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনা করে এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা হোক।











