বান্দরবান জিপ মালিক সমিতির অনিয়ম তদন্ত করবে জেলা প্রশাসন

বান্দরবান জিপ-মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতিতে ওঠা অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক অসংগতির অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক শামীম আরা রিনি এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।
সম্প্রতি সমিতির কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও ভুক্তভোগীদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ ওঠার পর প্রশাসন এই অবস্থান গ্রহণ করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কমিটি বহাল থাকায় সমিতিতে অভ্যন্তরীণ অনিয়ম ও জবাবদিহিতার সংকট তৈরি হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, "সম্প্রতি কিছু অভিযোগ আমাদের নজরে এসেছে। যদিও আগে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি, তবে এখন যেহেতু বিষয়টি সামনে এসেছে, তাই আমরা অত্যন্ত গুরুত্বসহকারে এটি খতিয়ে দেখব। দীর্ঘদিন একটি কমিটি ক্ষমতায় থাকলে সেখানে অনিয়মের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।"
তিনি আরও জানান, পর্যটন নগরীর জিপ চালকদের শৃঙ্খলায় ফেরাতে জেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মাধ্যমে অধিকাংশ চালককে লাইসেন্সের আওতায় আনা হয়েছে এবং বিপজ্জনক 'ডাবল ট্রিপ' বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সমিতির নিবন্ধন ও আইনি বৈধতা প্রসঙ্গে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তিনি নতুন যোগদান করেছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী রোববার নথিপত্র দেখে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, অনিয়মের বিস্তারিত উল্লেখ করে দ্রুতই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হবে।











