বান্দরবানে গ্যাস মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বান্দরবানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া। গোপন সংবাদের ভিত্তিতে বনরূপা এলাকার ‘অহি এন্টারপ্রাইজ’ ও ‘নুরজাহান এন্টারপ্রাইজ’-এর গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৬টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। বাজার অস্থিতিশীল করার অভিযোগে ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমানকে অর্থদণ্ড দেওয়া হয়।
উদ্ধার করা সিলিন্ডারগুলো জনসম্মুখেই সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় বাসিন্দাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।"
এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা। তবে বাজার সিন্ডিকেট নির্মূল করতে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।











