বান্দরবানে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু বৃহস্পতিবার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু বৃহস্পতিবার

বান্দরবানে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু বৃহস্পতিবার
ছবি সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (৩০০ নম্বর) আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাচিংপ্রু জেরি (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাঈদ মো. শাহ সুজাউদ্দীন (শাপলা কলি), জাতীয় পার্টির (কাদের) আবু জাফর মো. ওয়ালীউল্যাহ (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবুল কালাম (হাতপাখা)।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক ও আবু তালেব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। এবার বান্দরবান আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিংপ্রু জেরিসহ মোট চারজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন। প্রতীক পাওয়ার পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে।




আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদম সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক)-এর দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ (এএমসি) ক্যাম্পটি পরিচালনা করেন। দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ এতে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ পান।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমনের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে তারা নিয়মিত জনকল্যাণমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ব্যাটালিয়নের অধীন অন্যান্য দুর্গম বিওপি এলাকায়ও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৭ বিজিবি।




এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাব কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নম্বর ক্লাব হিসেবে এ চার্টার সার্টিফিকেট লাভ করে সংগঠনটি। বান্দরবান জেলার লামা উপজেলায় সমাজের মুক্তচিন্তার মানুষদের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্লাবটি গঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. তৈয়ব আলীর হাতে চার্টার সার্টিফিকেট তুলে দেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে জাতীয় সভাপতি নাসিম আহমেদের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী এবং এনইএস এপেক্সিয়ান মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সংবলিত পিন পরিয়ে দেন। এ সময় স্পন্সর ক্লাব 'এপেক্স ক্লাব অব চকরিয়ার' সাবেক সভাপতি এপেক্সিয়ান সাইদুল হক চৌধুরী নতুন ক্লাবটির ১১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন, মো. আরাফাত চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত আলী, এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট এম. বশিরুল আলম এবং এপেক্সিয়ান মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এপেক্স ক্লাব অব লামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।




আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষির পাশে সেনাবাহিনী

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষির পাশে সেনাবাহিনী
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলায় জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুজন ম্রো জুমচাষির চিকিৎসা ও আর্থিক সহায়তায় পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

আহতরা হলেন— উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।

জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুম চাষ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন তারা। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি জানার পরপরই মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করে আলীকদম সেনা জোন। তাদের উদ্যোগে চমেক হাসপাতালে আহতদের দ্রুত ভর্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেনা জোনের প্রতিনিধিরা চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসা পাওয়ায় আহত দুজনের শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) নিবিড় চিকিৎসা চলছে।

আলীকদম সেনা জোন জানায়, পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো বিপদে সেনাবাহিনী সবসময় পাশে আছে।