বান্দরবানে পাঁচশত পরিবারকে ইফতার সামগ্রী দিল সেনাবাহিনী

পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানে পাঁচশত অসহায় পরিবার ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর সেনা জোন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান। এ সময় সদর জোনের স্টাফ অফিসার মেজর রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর জোনের আওতাধীন এলাকার দরিদ্র পরিবার ও এতিমখানায় চাল, ডাল, ছোলা, ভোজ্যতেল, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, “পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বিধানের পাশাপাশি সেনাবাহিনী মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। রমজানের সহমর্মিতার শিক্ষা থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ইফতার সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। স্থানীয়দের মতে, রমজান মাসে সেনাবাহিনীর এই উদ্যোগ দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।











