বান্দরবানে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সাচিংপ্রু জেরী

বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় জেলা শহরের আদালত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
মনোনয়ন দাখিল শেষে সাচিংপ্রু জেরী সাংবাদিকদের বলেন, “বান্দরবান একটি বৈচিত্র্যময় পাহাড়ি জনপদ হলেও এখানকার মানুষ দীর্ঘকাল ধরে সুষম উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করব।”
তিনি আরও যোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। এছাড়া পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণেও বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সাচিংপ্রু জেরী বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং রাজপরিবারের সদস্য। তাঁর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে পাহাড়ি এই জনপদে নির্বাচনী উত্তাপ ও রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











