বান্দরবানে মসজিদ ও বিহারে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বান্দরবানে মসজিদ ও বৌদ্ধ বিহারে (ক্যাং) বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে বান্দরবান জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়। এছাড়া জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরীসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে সন্ধ্যা ৭টায় শহরের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেন। এসময় কয়েক হাজার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রার্থনা সভায় উপস্থিত বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেন, দেশের একজন শীর্ষস্থানীয় জাতীয় নেত্রীর প্রয়াণে সম্মান ও প্রার্থনা জানানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
পার্বত্য জেলা বান্দরবানের এই কর্মসূচিতে মুসলিম ও বৌদ্ধ—উভয় ধর্মাবলম্বীদের অংশগ্রহণ পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রটিকেই পুনরায় ফুটিয়ে তুলেছে।











