বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বান্দরবান সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল এই ঘোষণা দেন।
তিনি জানান, জেলার সাতটি উপজেলায় মোট ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিয়মিত মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে বলেও জানানো হয়।
কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, “নির্বাচনকালীন শান্ত পরিবেশ বজায় রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এবং উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় পার্বত্য জেলায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।











