বান্দরবানের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে টেকসই উন্নয়ন করা হবে: থানছিতে ম্রো সমাবেশে জেরী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বান্দরবানের সাত উপজেলার সকল সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিতভাবে টেকসই উন্নয়ন করা হবে। শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও কৃষিসহ বিভিন্ন খাতে বান্দরবান এখনো অনেক পিছিয়ে। পর্যটন শহর বান্দরবানকে এগিয়ে নিতে হলে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রকল্প হাতে নিতে হবে। শুক্রবার বেলা ১১ থানছি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ম্রো সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী এসব কথা বলেন। উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে গভীর বন্ধন ছিল। বিএনপি আমলেই ম্রো আবাসিক বিদ্যালয়সহ এই এলাকায় বহু উন্নয়ন হয়েছে। বিএনপি আবারো ক্ষমতায় এলে এই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
জনসভায় ম্রো ভাষায় লেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিলি করেন তিনি। সাচিং প্রু জেরী বলেন—সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন পাহাড়ে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি। ভবিষ্যতে চিম্বুক এলাকায় ম্রো সম্প্রদায়ের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণেরও ঘোষণা দেন তিনি।
এসময় ম্রো সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ ও জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী আগমনকে কেন্দ্র করে পুরো থানছিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। সাচিং প্রু জেরী থানছি পৌছার সাথে সাথে বাস ষ্টেশনে হাজার হাজার ম্রো সম্প্রদায়ের নারী পুরুষ তাকে অভ্যর্থনা জানান। পরে ম্রো গনাগোষ্ঠীর লোকজন সাচিংপ্রু জেরীকে নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। "সাচিংপ্রু জেরীর সালাম নিন ধানের শীষ প্রতীকে ভোট" শ্লোগান দিয়ে শোভাযাত্রাটি থানছির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মাঠে শেষ হয়।












