বারো আউলিয়া নগর নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাকারা ইউনিয়নের বারো আউলিয়া নগর এলাকাকে লক্ষ্যারচর ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) জুমার পরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বারো আউলিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে বারো আউলিয়া নগর এলাকাকে প্রশাসনিকভাবে লক্ষ্যারচর ইউনিয়নের অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ চলছিল।
এ নিয়ে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের মধ্যে যুবদল নেতা ওসমান, যুবদল নেতা ফরহাদও রয়েছে।
এদিকে এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোছাইন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।










