বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি, সংঘাতহীন মাঠ রাজনীতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। দীর্ঘদিন পর নির্বাচনী পরিবেশে মুখর হয়ে উঠছে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন এলাকা। তবে বর্তমানে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি চোখে পড়েনি। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মিতভাবে নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক ব্যানারে উঠান বৈঠক, মিছিল, সভা-সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। ভোটারদের কাছে নিজেদের অবস্থান ও রাজনৈতিক কর্মসূচি তুলে ধরতে দুই দলই তৃণমূল পর্যায়ে সক্রিয় রয়েছে। এতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড চলমান থাকলেও এখন পর্যন্ত বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মধ্যে কোনো ধরনের প্রকাশ্য বিরোধ, সংঘর্ষ কিংবা উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। দুই দলই শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে স্থানীয়দের ভাষ্য।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান আহমেদ বলেন, 'আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে আমাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।' অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কাপ্তাই উপজেলা আমির হারুন অর রশিদ বলেন, 'জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। কাপ্তাইয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি।'
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাপ্তাই উপজেলায় বর্তমানে যে শান্তিপূর্ণ ও সংঘাতহীন রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, তা নির্বাচনী প্রক্রিয়ার জন্য ইতিবাচক। ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে বলেও তাঁরা মনে করছেন। সার্বিকভাবে কাপ্তাই উপজেলায় বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর রাজনৈতিক কর্মকাণ্ডই মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। নির্বাচন সামনে রেখে এই রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।











