বিট কর্মকর্তার ইন্ধনে আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গর্জন গাছ লুট

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং উলুমুদ্দিনিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থান মোড় এলাকায় আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি থেকে মূল্যবান 'মাদার ট্রাঙ্ক' গর্জন গাছ নিধন ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় সংশ্লিষ্ট বিট কর্মকর্তা রেজাউল করিমের ইন্ধন রয়েছে। লুট হওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
তবে অভিযোগ অস্বীকার করে বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, “কে বা কারা তিনটি মাদার ট্রাঙ্ক গাছ কেটে ফেলেছে। ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুটের তিন টুকরো কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
স্থানীয়দের অভিযোগ ও বন বিভাগের বক্তব্যে ঘটনাটি নিয়ে ভিন্নমতের সৃষ্টি হয়েছে। বনজ সম্পদ রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পরিবেশকর্মীদের দাবি, বনের কচি গর্জন গাছ লুটকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে; অন্যথায় তারা বন নিধনে আরও বেপরোয়া হয়ে উঠবে।










