বিশ্বের তিন সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, হার্ভার্ডে পাড়ি লোহাগাড়ার সায়মা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর চৌধুরীপাড়া গ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসাইন চৌধুরীর দ্বিতীয় মেয়ে মিফতাহুল জান্নাত সায়মা বিশ্বের তিন সেরা বিশ্ববিদ্যালয়- হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজ তিনটিতেই ভর্তির সুযোগ পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই তিন বিশ্ববিদ্যালয় থেকে মোট পাঁচটি ভর্তির প্রস্তাব পাওয়ার পর তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Learning Design, Innovation, and Technology মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা পেয়েছেন। গত ২৪ জুলাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।
হার্ভার্ডে পড়াশোনার জন্য সাইমা বিশ্ববিদ্যালয়টির অন্যতম মর্যাদাপূর্ণ Barakett Family Fellowship অর্জন করেছেন। মেধা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে প্রতিবছর পুরো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হয়। পাশাপাশি তিনি Aga Khan Foundation International Scholarship Programme (AKF ISP)-এর আন্তর্জাতিক বৃত্তিও অর্জন করেছেন, যা বিশ্বের অল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থীর জন্য বরাদ্দ।
হার্ভার্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাজ্যের দুই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও কেমব্রিজ থেকেও একাধিক প্রোগ্রামে ভর্তির সুযোগ পান সাইমা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে MSc in Education, Digital and Social Change এবং MPhil in Development Studies প্রোগ্রামে ভর্তি হওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি MPhil in Development Studies এবং MPhil in Education, Globalisation and International Development প্রোগ্রামে অফার পান।
সব মিলিয়ে বিশ্বের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি ভর্তির প্রস্তাব পাওয়ার পর সাইমা শেষ পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেছে নেন।
সাইমার এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা। তিনি ফ্রান্সের Sciences Po-তে একটি এক্সচেঞ্জ সেমিস্টার সম্পন্ন করেছেন। এছাড়া আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান BNP Paribas-এর হংকং অফিসে ইন্টার্নশিপ করেছেন। এসব অভিজ্ঞতা তার একাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য তাকে আরও প্রস্তুত করেছে।
সাইমা বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (Asian University for Women) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার এই অসাধারণ অর্জন শুধু লোহাগাড়া বা চট্টগ্রামের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। শিক্ষাবিদদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।











