ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে ‘মহাঝঞ্ঝাট’, পাড়ি দিতে হচ্ছে হাজার কিমি বাড়তি পথ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে ‘মহাঝঞ্ঝাট’, পাড়ি দিতে হচ্ছে হাজার কিমি বাড়তি পথ

ভারতে খাদ্যপণ্য রপ্তানিতে ‘মহাঝঞ্ঝাট’, পাড়ি দিতে হচ্ছে হাজার কিমি বাড়তি পথ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রপ্তানি সচল রাখতে বিকল্প দীর্ঘ রুটে পণ্য পাঠাতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

ভারতের নতুন শুল্ক নীতি ও বন্দর নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি খাত এখন চরম সংকটে। ভৌগোলিক নৈকট্য থাকলেও সরাসরি রুটগুলো বন্ধ করে দেওয়ায় মাত্র ১০০-৩০০ কিলোমিটারের পথ পাড়ি দিতে রপ্তানিকারকদের এখন ঘুরতে হচ্ছে দেড় থেকে দুই হাজার কিলোমিটার। এতে পরিবহন খরচ বেড়েছে প্রায় পাঁচ গুণ, যার ফলে বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা এখন অনিশ্চয়তার মুখে।

গত জুন মাস থেকে ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরাসরি পণ্য প্রবেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আগরতলা, তামাবিল বা বুড়িমারীর মতো নিকটবর্তী রুটগুলো ব্যবহার করতে পারছেন না ব্যবসায়ীরা। এখন বাংলাদেশের যেকোনো প্রান্তের পণ্য প্রথমে কলকাতায় নিতে হচ্ছে, এরপর সেখান থেকে শিলিগুড়ি হয়ে ঘুরে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পৌঁছাতে হচ্ছে।

রপ্তানিকারকরা জানান, হবিগঞ্জের কারখানা থেকে মাত্র ১৫৬ কিলোমিটার দূরে ত্রিপুরার আগরতলায় আগে সহজেই পণ্য পাঠানো যেত। এখন সেই একই গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী ট্রাককে পশ্চিমবঙ্গ হয়ে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, “সুবিধাজনক বন্দরগুলো বন্ধ করে দেওয়ার কারণে খরচ ও লিড টাইম অস্বাভাবিক বেড়েছে। অনেকেই বাধ্য হয়ে রপ্তানি বন্ধ করে দিয়েছেন।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, বন্দর সংকটের কারণে তাদের পণ্য পরিবহন খরচ সাড়ে ৮ শতাংশ বেড়েছে, যা বৈশ্বিক বাজারে টিকে থাকার লড়াইকে কঠিন করে তুলেছে। ব্যবসায়ীদের দাবি, ভারতের মূল ভূখণ্ডের কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় বাংলাদেশি পণ্য এগিয়ে থাকায় কৌশলগত কারণেই এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

এদিকে, গত ছয় মাসেও এই সংকট নিরসনে কার্যকর কোনো কূটনৈতিক সমাধান আসেনি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা ভারতের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু সাড়া মেলেনি। চিঠিপত্র পাঠানো হয়েছে, জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’




অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত।

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্য থেকে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্যের পর বাংলাদেশের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই– এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের তথ্য উপদেষ্টা।