ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, অবস্থানে অনড় সরকার

বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, "আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে ভারতের পরিবর্তে অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় আমাদের ম্যাচগুলো খেলতে চাই।" বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ কেন ভারতে খেলতে আগ্রহী নয়, সেই যুক্তিগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পেশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আইসিসি নিরপেক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে বিকল্প ভেন্যুতে খেলার সুযোগ করে দেবে।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট কূটনৈতিক টানাপোড়েনের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটি থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। আইসিসি ইতিমধ্যে এই উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে।












