ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বিদ্যমান রাজনৈতিক টানাপড়েন ও সাম্প্রতিক উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতির কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। তবে সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত নয়। আমরা চাই না কোনোভাবেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হোক।" তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই বিষয়টি বিবেচনা করবে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।
সম্প্রতি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "একজন বিশ্বসেরা খেলোয়াড়কে নিয়ে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। দয়া-দাক্ষিণ্য করে তাকে নেওয়া হয়নি, তার যোগ্যতার কারণেই নেওয়া হয়েছিল। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণ যথাযথ।" তিনি আরও যোগ করেন, আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক নয় এবং যেখান থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে বলে তিনি আশাবাদী।
একই বৈঠকে উপস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "ভারতের পক্ষ থেকে আমাদের খেলোয়াড়কে প্রত্যাহার করার প্রতিবাদে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা সঠিক প্রতিক্রিয়া। এমনকি ভারতের সংসদ সদস্যরাও বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। আমরা বিশ্বাস করি, এ ঘটনার পরেও দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে।"
বৈঠকে উপদেষ্টারা স্পষ্ট করেন যে, ক্রীড়াঙ্গনের উত্তেজনা বা রাজনৈতিক অমিল যেন দুই দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে বিঘ্ন ঘটাতে না পারে, সেদিকে সরকার সজাগ রয়েছে।












