ভোটারদের দ্বারে প্রার্থীরা: রামু-কক্সবাজার-ঈদগাঁওতে জমজমাট প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রার্থীরা ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে উঠেছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রধান দলগুলোর প্রার্থীরা মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী এলাকায় ঘুরে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে পরিচিত মুখ হিসেবে তিনি ও তাঁর কর্মীরা ওয়ার্ড পর্যায়ে সভা ও মিছিলের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছেন।
লুৎফর রহমান কাজলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তাঁর সমর্থকরাও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে রামু, ঈদগাঁও এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় নিয়মিত সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন।
স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সাধারণ ভোটাররা প্রার্থীর যোগ্যতার পাশাপাশি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিকে প্রাধান্য দিচ্ছেন। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে একটি উৎসবমুখর নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল। শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় ওঠে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা।










