ভোটের সচেতনতা বাড়াতে বান্দরবানে শুরু হলো ভ্রাম্যমাণ সঙ্গীত অনুষ্ঠান

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ভোটারদের সচেতন করতে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই ব্যতিক্রমী প্রচার কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “তৃণমূল পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীত অত্যন্ত কার্যকর। পার্বত্য অঞ্চলের মানুষের নিজস্ব ভাষায় এই আয়োজনের মূল লক্ষ্য হলো ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।”
মহাপরিচালক আরও জানান, নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিসগুলো উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার সমাবেশ ও ‘ভোটের রিকশা’র মতো উদ্ভাবনী প্রচার কার্যক্রম চালাচ্ছে। এসব কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন। উদ্বোধনের পর প্রচার ট্রাকটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সঙ্গীত ও বার্তার মাধ্যমে ভোটারদের সচেতন করে।











