মাতামুহুরীতে বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক টমটম (ইজিবাইক) চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক স্থানে একটি টমটম গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন পশ্চিম নতুনঘোনা এলাকার বাসিন্দা এবং আবুল কাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিদ্যুতায়িত একটি স্থানে স্পর্শ করলে সাহাব উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, টমটম চালকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈরি আবহাওয়ার সময় বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।










