মাদক ও সন্ত্রাস রোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর জোর রামুর ঈদগড় রিপোর্টার্স ক্লাবের

রামুর ঈদগড় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায় এলাকায় ক্রমবর্ধমান মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সর্বস্তরের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা সাম্প্রতিক সামাজিক অবক্ষয়, যুবসমাজের বিপথগামীতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সত্য তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমাজ বিনির্মাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় মাদককারবার প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণ, স্থানীয় তরুণদের জন্য ইতিবাচক কর্মকাণ্ড বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সভাপতি জহির উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন শিশির, সহ-সভাপতি জাফর ইকবাল ও শাহজাহান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক, সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুল্লাহ আলভি, ক্রীড়া সম্পাদক কপিল উদ্দিন বাবলু এবং উপদেষ্টা বেদার মিয়া প্রমুখ।
সভা শেষে অংশগ্রহণকারী সদস্যরা সমাজের উন্নয়ন, নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।










