মিরসরাইয়ে দুই শিশুর ঝগড়ায় জড়ালেন বড়রা বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বেলা দেড়টায় মিরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মরগাং মনু মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি ওই বাড়ির মৃত নুর আহমেদের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের বড় ভাই অভিযুক্ত আলী হোসেন (৪৪), যিনি লাইটার জাহাজের কর্মচারী, এবং তাঁর স্ত্রী ছলিমা খাতুন (৪০)-কে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলী হোসেনের সাথে ছোট ভাই শাহাদাত হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার দুপুরে সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
শনিবার দুপুরে ছোট ভাই শাহাদাতের শিশু শ্রেণীতে পড়ুয়া মেয়ে সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হোসেনের ছেলে রনি বালি ঢুকিয়ে দিলে শিশুদের মধ্যে ঝগড়া হয়।
পরবর্তীতে এই ঝগড়া নিয়ে আলী হোসেনের স্ত্রী ছলিমা খাতুন ও শাহাদাত হোসেনের স্ত্রী পপি আক্তারের মধ্যে ঝগড়া শুরু হয়।
ঝগড়া-বিবাদের একপর্যায়ে বড় ভাই আলী হোসেন তাঁর ছোট ভাই শাহাদাত হোসেনের গলাটিপে ধরেন এবং একপর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করেন।
শাহাদাত হোসেন মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় বড় ভাই আলী হোসেন, তাঁর মা ও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বেলা আড়াইটার দিকে শাহাদাত হোসেনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির কাঁধে আঘাতের চিহ্ন ছিল এবং শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
বিষয়টি বুঝতে পেরে বড় ভাই আলী হোসেন ছোট ভাইয়ের মৃতদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান। পরে অভিযুক্ত আলী হোসেন ও তাঁর স্ত্রী ছলিমা খাতুনকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, “শ্বাসরোধে ছোট ভাই শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলী হোসেন ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”












