মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্র নিহত, আহত ২

মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসার দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। ফখরুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে ও কাউছার পঞ্চগড়ের আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় থাকেন। ফখরুল ইসলাম কিতাব বিভাগের ৭ম শ্রেণীতে ও কাউছার হোসেন ৫ম শ্রেণীতে পড়ে। আহতরা হলেন কুড়িগ্রাম জেলার আরমান হোসেন ও মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মোসলিম উদ্দিন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসার কয়েকজন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপ দিলে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় ও আরো দুইজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিয়া হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছেন। আরো দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












