মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত, আটক ৩৫ বিদ্রোহী

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে আফনান ওরফে পুতুনি (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর ৩৫ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
গুলিবিদ্ধ আফনান হোয়াইক্যংয়ের লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় মোহাম্মদ জসিমের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বাবার দোকানে নাস্তা দিতে যাওয়ার সময় হঠাৎ মিয়ানমার সীমান্ত থেকে আসা একটি গুলি তার কানে বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) সাইফুল ইসলাম জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও নিশ্চিত করেন যে, সীমান্তের ওপারে চলমান সংঘাতের জেরে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৩৫ সদস্যকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে শিশু গুলিবিদ্ধ হওয়ার খবরে উত্তেজিত জনতা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা চাই না ওপার থেকে আসা গুলিতে এপারে কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হোক।”










