মিয়ানমারে আরকান আর্মির হাতে আটক দুই যুবককে ফেরতের দাবিতে নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে আটক দুই বাংলাদেশি যুবককে নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারকুল সীমান্ত এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
আটক দুই যুবক হলেন—নাইক্ষ্যংছড়ির চেরারকুল এলাকার মো. শরিফ উদ্দিন এবং রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামের মোহাম্মদ সাইমন (২৮)। মানববন্ধনে তাঁদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত ২০ জানুয়ারি থেকে এই দুই যুবক আরকান আর্মির কবজায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে সীমান্তপথে পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। বকেয়া টাকা পরিশোধ না করায় ২০ জানুয়ারি আরকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে মিয়ানমারের ভেতরে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে তাঁদের ছাড়িয়ে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর স্বজনরা রাজপথে নামতে বাধ্য হন।
মানববন্ধনে বক্তারা বলেন, আটকে রাখা যুবকদের জীবন নিয়ে তাঁরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। অনতিবিলম্বে সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাঁদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।











