মিয়ানমারে ১০ দিন বন্দি থাকার পর ফিরলেন ২ বাংলাদেশি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অপহৃত দুই বাংলাদেশি যুবক মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির বন্দিশালা থেকে ১০ দিন পর মুক্তি পেয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বেন্ডুলা বাজার এলাকা থেকে তারা ছাড়া পেয়ে নিজ বাড়িতে ফেরেন।
ফেরত আসা যুবকরা হলেন—নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল গ্রামের মো. শরিফ উদ্দিন (২৭) ও দোছড়ি গ্রামের মোহাম্মদ সাইমন (২৮)। ভুক্তভোগীদের দাবি, গত ২০ জানুয়ারি সীমান্তে ফুলঝাড়ু কাটতে গেলে আরকান আর্মির ১২ সদস্যের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ আদায়ের জন্য দীর্ঘ ১০ দিন তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তবে স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, অপহৃত যুবকরা মূলত সীমান্ত চোরাকারবারে জড়িত। মিয়ানমার থেকে বাকিতে গবাদিপশু এনে টাকা পরিশোধ না করায় আরকান আর্মি তাদের আটকে রেখেছিল। পাওনা টাকা পরিশোধের পর শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়। অন্য একটি সূত্র জানায়, অনুপ্রবেশের দায়ে ভিন্ন কোনো বিদ্রোহী গোষ্ঠীর সদস্য সন্দেহে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
নিজেদের মুক্তির দাবিতে গত ২৭ জানুয়ারি স্থানীয় এলাকাবাসী মানববন্ধনও করেছিলেন। দীর্ঘ দেনদরবারের পর মুক্তি পেয়ে শুক্রবার বিকেলে তারা নাইক্ষ্যংছড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।












