মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি মা-বোনদের শিক্ষিত করার জন্য, মা-বোনেরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন সেজন্য তিনি মেট্রিক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলন। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন।

তারেক রহমান বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি- ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো। যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম- বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদরাসার কথা বলুন বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন- ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবেতর জীবনযাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবো- এই প্রতিশ্রুতি আমরা সরকার গঠনের প্রথম সাত থেকে দশ দিনের মাথায় বাস্তবায়ন করেছি। সারা বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধা ইনশাআল্লাহ পাবে। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই যাতে কৃষক ভাইয়েরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড়াতে পারে- এজন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আমরা শুরু করেছি।

বেকারদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু তরুণ- ছেলে হোক মেয়ে হোক, বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম বন্ধ কল-কারখানাগুলো চালু করার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কল-কারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব।

বিদেশে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সেই দেশগুলোতে আমাদের মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে।

খাল খনন প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত করেছি যে সমগ্র বাংলাদেশে আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। কারণ এই খালের পানি কৃষক সেচের জন্য ব্যবহার করতে পারবে। বাংলাদেশের মাটি আল্লাহ তায়ালা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময়ে পানিটাও দেওয়া যায় তাহলেই সুন্দর ফসল উৎপন্ন হয়। খালগুলো খনন করতে পারলে আশেপাশের মানুষ মাছ চাষ করতে পারবে, হাঁস পালন করতে পারবে এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।

ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসে দুই তারিখে আমি সিলেট যাচ্ছি। সেখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে নতুন ও পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড় এ রকম ৫০০ খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি।




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’




অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত।

অতীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্য থেকে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত দৃঢ়ভাবে ভারতের কাছে উপস্থাপন করেছে।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার বক্তব্যের পর বাংলাদেশের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তীতে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই– এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে হওয়া উচিত। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুনভাবে বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’-এর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের তথ্য উপদেষ্টা।